মোহাম্মদ হাসান:
র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও অপপ্রচারের অভিযোগ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের অপরাধ নেটওয়ার্কের ‘সেকেন্ড ইন কমান্ড’ আব্দুর শুক্করসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নগরের দুই নম্বর গেট এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গল সলিমপুরকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যার পাশাপাশি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, চলাচলের সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এ ছাড়া ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের একটি ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, অপরাধের ধরন এবং তাঁদের অপরাধ নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।