জনগণের জানমাল রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান গয়েশ্বরের

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের রক্ষা নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ‘জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ, গুম-খুন ও জেল-জুলুমের মধ্য দিয়ে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি দাবি করেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদীদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তবে তাঁর ভাষ্য, নেতৃত্বের পরিবর্তন হলেও সেই রাজনৈতিক চরিত্র বহনকারী অনেক ব্যক্তি এখনো দেশে সক্রিয় রয়েছেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, ভোরবেলায় হঠাৎ ককটেল মিছিল, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে অস্থিরতা তৈরি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পক্ষে সজাগ রয়েছেন। কোনোভাবেই দেশে আবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাঁর মতে, গোপনে সক্রিয় থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, বিচারের মুখোমুখি করা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *