কাজী দেলোয়ার হোসেন:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাথালিয়া গ্রামের বাসিন্দা মো. হাবেজ উদ্দিনের পরিবার জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তার দুই ছেলে মো. সোহেল রানা ও মো. রুবেল মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, কর্মস্থলে যেতে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং দলবদ্ধভাবে হামলার ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, একই গ্রামের বাসিন্দা ও তাদের আপন চাচা মো. আফাজ উদ্দিন, তার মেয়ের স্বামী মো. মৃদুল এবং কয়েকজন সহযোগী মিলে বিভিন্ন সময়ে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০২৬, সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর বাজার এলাকার একটি চায়ের দোকানে মো. হাবেজ উদ্দিন (৮০)-কে একা পেয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এ ঘটনায় একই দিন কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি পরিবারের সদস্যদের। তাদের অভিযোগ, এরপরও তারা ন্যায়বিচারের আশায় থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন।
অন্যদিকে, ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার দিন রাত ১১টার দিকে বিবাদীপক্ষের সদস্য আসিফ একটি অভিযোগ দায়ের করেন, যা পরবর্তীতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে মামলা হিসেবে রুজু হয়। ওই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তারা বলেন, বর্তমানে আদালতের বারান্দায় ঘুরে বেড়ানোই যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।