স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে মোহাম্মদ জনি (২৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর ব্রিজসংলগ্ন পূর্ব জুরাইনের ১৪৯০/এ নম্বর বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, বাড়িটির দোতলায় ভাড়া দেওয়া একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মোহাম্মদ আবীর পুলিশকে খবর দেন। খবর পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
নিহত জনি মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তাঁর বাড়ি কদমতলীর নতুন শ্যামপুরের শ্যামপুর হাইস্কুল রোড এলাকায়।
তবে জনির মৃত্যুর কারণ, কখন তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।