মোঃআনজার শাহ
জুলাই কারাবন্দীদের মুক্তি দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির কবি সফিউল বারী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভা। বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের আয়োজক গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান (সচিব পদমর্যাদা)।
অনুষ্ঠানে জুলাইয়ের কারাবন্দীরা তাঁদের স্মৃতিচারণ করবেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সভাপতি ও স্পেশাল প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) এস এম নুরে এরশাদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম (মমিন)।
এদিকে আয়োজকদের আমন্ত্রণে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ দলটির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সংগঠন এক আমন্ত্রণবার্তায় দেশের আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের নাগরিককে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্যমতে, জুলাই কারাবন্দীদের আত্মত্যাগ, সংগ্রাম ও অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়কে আরও সুদৃঢ় করতেই এই আয়োজন।
রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বহনকারী এই স্মৃতিচারণ ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই আন্দোলন, কারাবন্দীদের অভিজ্ঞতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে নতুন করে আলোচনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।