মোঃআনজার শাহ
জুলাই শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবিনাশী চেতনাকে আগামী প্রজন্মের হৃদয়ে অম্লান রাখতে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ইতিহাস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এসব প্রকাশনা জাতির জন্য জুলাইয়ের চেতনা ধারণের এক অনন্য দলিল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকাশনাগুলোর মোড়ক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব শাহ আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্টজন, লেখক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ কোনো একটি সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তা জাতির চিরন্তন প্রেরণার উৎস। তাঁদের রক্তে রচিত ইতিহাস স্বাধীন চিন্তা, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনের পথকে আলোকিত করে চলেছে। তাই জুলাইয়ের চেতনাকে শুধু স্মরণ নয়, তা ধারণ ও লালন করাও জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেন তাঁরা।
মোড়ক উন্মোচিত প্রকাশনাগুলোতে জুলাই আন্দোলনের বিভিন্ন অধ্যায়, শহীদদের অবদান, ত্যাগের মহিমা এবং একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাঁদের সংগ্রামী ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এসব গ্রন্থ নতুন প্রজন্মকে ইতিহাস জানার পাশাপাশি দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
বক্তারা আরও বলেন, একটি জাতির অগ্রযাত্রায় ইতিহাসের সঠিক চর্চা অপরিহার্য। জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতি যতদিন লালিত হবে, ততদিন মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও সুদৃঢ় হবে। এই প্রকাশনাগুলো শুধু বই নয়, বরং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।