আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হলেও এতে দেশকে অস্থিতিশীল করা বা জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার মস্কোর ক্রেমলিন থেকে মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে পুতিন বলেন, ইউক্রেন পরিকল্পিতভাবে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে। তবে সেই লক্ষ্য কখনোই সফল হবে না।
তিনি বলেন, “এখন এটি স্পষ্ট যে শত্রুপক্ষ জ্বালানি খাতে ধারাবাহিক হামলার মাধ্যমে আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। তাদের ধারণা, এতে রাশিয়া অস্থিতিশীল হয়ে পড়বে। কিন্তু রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল ব্যবস্থাগুলোর একটি। এসব হামলা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না, জনগণের মধ্যেও ভীতি সৃষ্টি করতে পারবে না।”
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, গ্যাস কম্প্রেশন স্টেশন এবং বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় চলাচলকারী যানবাহনেও হামলা চালানো হচ্ছে।
রুশ কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় গত এক সপ্তাহে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন।
মস্কো ইউক্রেনের সাম্প্রতিক হামলাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, এ ধরনের হামলা রাশিয়ার অবস্থানকে দুর্বল করতে পারবে না।
সূত্র: আরটি