ঝালকাঠীর পুত্রবধূ শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, জেলায় আনন্দের বন্যা

আমির হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ঝালকাঠীর পুত্রবধূ শাম্মী আক্তার মনোনীত হওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান করে নিয়েছেন সাবেক সাংসদ ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার।

তিনি ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের কল্যাণকাঠী গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজের স্ত্রী। শাম্মী আক্তার একজন তুখোড় সাবেক ছাত্রনেত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং রোকেয়া হলের সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক প্রজ্ঞা, রাজপথে সক্রিয় ভূমিকা এবং ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা যোগ করার কারণে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা, আন্দোলন-সংগ্রামে সাহসিকতা এবং জেল-জুলুম-নির্যাতন উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন শাম্মী আক্তার। তিনি পূর্বে সাংসদ ছিলেন এবং একজন দক্ষ সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নীতি-নির্ধারণী ফোরামের আস্থা অর্জন করেন। এই ধারাবাহিকতায় তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

ঝালকাঠীর সন্তান বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ তার সহধর্মিণী শাম্মী আক্তারের রাজনৈতিক পথচলায় সবসময় সাহস ও সমর্থন জুগিয়েছেন। তিনি বলেন, “আমার স্ত্রী সাবেক সাংসদ শাম্মী আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনীত হওয়া নিঃসন্দেহে ঝালকাঠী বিএনপি পরিবার এবং জেলার মানুষের জন্য আনন্দের খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ চূড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার পর থেকেই ঝালকাঠী বিএনপি পরিবার ও সাধারণ মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ।”

এদিকে বিএনপির প্রকাশিত তালিকায় মোশারফ হোসেন সবুজের পাশবর্তী ইউনিয়নের মেয়ে, ঝালকাঠী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আমিন খান এবং এনসিপি-জামায়াত জোট থেকে ঝালকাঠীর আরেক কন্যা ডা. মাহামুদা মিতুর নামও রয়েছে। ফলে একই জেলায় তিনজন নারী সাংসদের মনোনয়ন ঘিরে ঝালকাঠীবাসীর মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা আরও বেড়েছে।

ঝালকাঠীবাসী আশা করছেন, শাম্মী আক্তার তার নিজ এলাকা এবং শ্বশুরবাড়ি ঝালকাঠীর উন্নয়নে নীতি-নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *