ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের জন্য ১০টি পরমাণু অস্ত্রই যথেষ্ট

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্রায় চার হাজার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য মাত্র ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট। একই সঙ্গে বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রের মজুত কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেন শহরে পৌঁছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে তিনি চীন সফর করছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় চার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে রাশিয়ার কাছে প্রায় তিন হাজার ৮০০টি এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্র বর্তমানে শীর্ষে রয়েছে। এরপর রাশিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে চীন। তবে চীন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চান না দেশগুলো পারমাণবিক অস্ত্রের মজুত আরও বাড়াক। এ বিষয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, অন্য দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা দুই হাজার কমানোর প্রস্তাব দেয়, তাহলে সেটিও বিবেচনার বিষয় হতে পারে। তাঁর ভাষায়, এত বিপুলসংখ্যক অস্ত্রের প্রয়োজন নেই; ১০টি অস্ত্রই যথেষ্ট।

তবে পারমাণবিক অস্ত্রের মজুত কমানো সহজ হবে না বলেও স্বীকার করেছেন ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের জন্য যেমন এ সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন, রাশিয়া ও চীনের জন্যও তা কঠিন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাস বা নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এপেক সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন ও আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *