ফাতেমা খুরশিদ সোমায়া:
সাংবাদিকদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আলা উদ্দিন আহমেদ। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্ত এবং নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপদেষ্টাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ মাহবুব আলম সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নবনিযুক্ত উপদেষ্টা মোঃ আলা উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন। তিনি ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের অগ্রযাত্রায় গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, মোঃ আলা উদ্দিন আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবান পরামর্শ সংগঠনের ভবিষ্যৎ পথচলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাঁর অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উপদেষ্টা মনোনয়নের নিয়োগপত্রে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোঃ মাহবুব আলম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এ আর সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক সাহাবুল, দুর্যোগবিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক রেজওয়ান হোসেন এবং সদস্য মহিবুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনিযুক্ত উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হবে।