ডিপিডিসি শীতলক্ষ্যা এনওসিএস-এ গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেসকো বা ডিপিডিসির গ্রাহকসেবা উন্নয়ন এবং বিদ্যুৎ সাশ্রয় ও নিয়মিত বিল পরিশোধের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিপিডিসি শীতলক্ষ্যা এনওসিএসের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শীতলক্ষ্যা এনওসিএসের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে এনওসিএস শীতলক্ষ্যা, ডিপিডিসি। সভায় গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির এনওসি জোন (সাউথ)-এর প্রধান প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি ফতুল্লা এনওসিএস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ শের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওসিএস শীতলক্ষ্যা, ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী এইচ. এম. তারেক তুষার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ডিপিডিসি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গণশুনানির মূল উদ্দেশ্যই হলো গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধান করা। আমরা সিস্টেম লস কমিয়ে এনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদেরও সচেতন হতে হবে, তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়েন এবং যেকোনো সমস্যায় সরাসরি দপ্তরে যোগাযোগ করেন।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ শের আলী বলেন, ‘গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। শীতলক্ষ্যা ও ফতুল্লা বিদ্যুৎ জোনে সেবার মান বাড়াতে আমরা নিয়মিত তদারকি করছি। অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ অপচয় রোধে গ্রাহকদের সহযোগিতা প্রয়োজন। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।’

সভাপতির বক্তব্যে প্রকৌশলী এইচ. এম. তারেক তুষার বলেন, ‘আজকের গণশুনানিতে গ্রাহকদের কাছ থেকে যেসব গঠনমূলক পরামর্শ ও অভিযোগ এসেছে, আমরা তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। শীতলক্ষ্যা এনওসিএসকে একটি আধুনিক ও গ্রাহকবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে। গ্রাহকদের যেকোনো বিদ্যুৎ বিভ্রাট বা মিটার-সংক্রান্ত জটিলতা দ্রুততম সময়ে সমাধান করা হবে।’

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন। গ্রাহকেরা সরাসরি তাদের বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বিদ্যুৎ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন এবং এ ধরনের গণশুনানি আয়োজনের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *