নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের আচরণের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক শেখ হাসিনা তাঁর সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই।
জামায়াত আমির আরও লেখেন, এ বিষয়ে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর দাবি, দেশ থেকে পালিয়ে গিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। এ সময় তাঁরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন এবং পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও স্লোগান দেন।
পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।
ঘটনাটি নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের পাশাপাশি বিমানবন্দরে বিক্ষোভকারীদের আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।