মোঃ শামীম হোসেন সিকদার:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’।
মেলায় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নির্দেশনায় একটি বিশেষ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চনু মং মার্মা এবং রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বান্দরবান জেলা বিএনপির সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
মেলার উদ্বোধনের পর প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে। এ সময় পার্বত্য অঞ্চলের সম্ভাবনা, ঐতিহ্য এবং কৃষিপণ্য নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মেলায় বান্দরবানের সুস্বাদু বিভিন্ন পাহাড়ি ফল, সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদের অনন্য বৈশিষ্ট্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন স্টল পরিদর্শন, সাংস্কৃতিক পরিবেশ এবং অন্যান্য কার্যক্রমে সক্রিয় ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি দলটি বান্দরবান জেলার মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব করে।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের কৃষিপণ্য, পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের প্রসারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।