বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছেন এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। দুর্ঘটনার পর তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে সাংবাদিকদের সাদমান সাকিব বলেন, তিনি গাড়ি চালানো শিখছিলেন। ব্রেক চাপতে গিয়ে ভুল করে অ্যাকসিলারেটরে চাপ দেওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে।
সাদমান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামের ছেলে বলে পরিচয় দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। অন্য কয়েকজন ব্যবসায় শিক্ষা অনুষদের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে সাদমান সাকিবকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও সহকারী প্রক্টররা জানিয়েছেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হবে।