তদবিরে ভরসা না রেখে কাজে মনোযোগ দিন”: গণপূর্তমন্ত্রী

 

মোঃ আনজার শাহ

গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকেই একমাত্র বিবেচ্য বিষয় হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তদবিরের পথে না হেঁটে নিজের যোগ্যতা ও কাজের ওপর ভরসা রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গণপূর্তের হারানো সুনাম ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।

ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদলি নিয়ে অনেক কর্মকর্তার মনে কষ্ট থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন, বদলি ও পদোন্নতি হবে একমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে; এর বাইরে অন্য কোনো কারণ থাকবে না। তিনি জানান, দায়িত্ব নেওয়ার শুরুর দিকে তাঁর কাছে প্রচুর অনুরোধ ও তদবির এসেছে। বাংলাদেশ ছোট দেশ হওয়ায় চেষ্টা করলে যে কেউ প্রধানমন্ত্রী কিংবা যেকোনো এমপি-মন্ত্রীর কাছে পৌঁছাতে পারেন।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “যাঁর যোগ্যতা আছে, তিনি তদবির করতে যান না।” তাই নিজের যোগ্যতা ও কাজের ওপর ভরসা রাখার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী প্রতিশ্রুতি দেন, প্রতি এক-দুই বছর অন্তর কর্মকর্তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী পদোন্নতি ও প্রণোদনার ব্যবস্থা নেওয়া হবে। নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য চেয়ারে যোগ্য ব্যক্তি না বসলে পুরো দল ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব বণ্টন করা হবে।

সাম্প্রতিক বদলি প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, যাতে কারও প্রতি অন্যায় না হয়, সে জন্য পাঁচটি ভিন্ন উৎস থেকে প্রতিবেদন নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনের পাশাপাশি নিজের আস্থাভাজন সহকর্মীদের মতামতও নিয়েছেন তিনি। এ ছাড়া কর্মকর্তাদের অধস্তনদের কাছ থেকেও প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে, কারণ তাঁরাই নিজেদের বসকে মূল্যায়নের সবচেয়ে ভালো অবস্থানে থাকেন।
কিছু ক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর চেয়ে ভালো কোনো সমাধান থাকলে তিনি তা-ই করতেন।

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তর দেশের সবচেয়ে সম্মানিত ও মেধাবী পেশাজীবীদের প্রতিষ্ঠান হলেও নানা কারণে এর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। প্রতিষ্ঠানটিকে আবার আগের মর্যাদার জায়গায় ফিরিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে এ জন্য কর্মকর্তাদের সহযোগিতা অপরিহার্য।

মন্ত্রী বলেন, “আমি আপনাদেরই একজন হয়ে সবার সঙ্গে কাজ করব।” তিনি জানান, শেষ মুহূর্তে তিনি জানতে পারেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তখন তাঁর মাথায় একটিই কথা এসেছিল, এই মন্ত্রণালয় থেকে কেউ সুনাম নিয়ে ফিরতে পারেননি; তিনি সুনাম নিয়ে ফিরতে চান।

সরকারি নির্মাণকাজের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী প্রশ্ন তোলেন, গণপূর্ত থাকতে শিক্ষা, স্বাস্থ্য বা স্থানীয় সরকারের মতো মন্ত্রণালয়ে কেন আলাদা নির্মাণ ইউনিট থাকবে। তাঁর মতে, বাংলাদেশের মতো ছোট দেশে সরকারি নির্মাণকাজের জন্য একটি সমন্বিত প্রতিষ্ঠানই যথেষ্ট।
গণপূর্ত বিভাগের সক্ষমতার কথা তুলে ধরে তিনি জানান, এই বিভাগে সাতজন ডক্টরেটধারী এবং ৭৩ জন মাস্টার্স ডিগ্রিধারী কর্মকর্তা আছেন, যাঁরা বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরেছেন। চাইলে এঁরা দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে পারতেন।

মন্ত্রণালয়ের টিমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সচিব, দুজন অতিরিক্ত সচিব ও প্রতিমন্ত্রীসহ পুরো দল কর্মকর্তাদের পাশে আছে। মন্ত্রণালয়ের কারণে কোনো কাজ আটকে গেলে তা সরাসরি তাঁকে জানানোর অনুরোধ করেন তিনি। কর্মকর্তারা যেন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

বক্তব্যের শুরুতে মন্ত্রী নিজের শিক্ষাজীবনের গল্প শোনান। তিনি বলেন, তাঁদের পারিবারিক ব্যবসা ছিল প্রকৌশলভিত্তিক, তাই বাবার ইচ্ছা ছিল ছেলে প্রকৌশলী হবে। সেই প্রত্যাশায় এসএসসিতে বিজ্ঞান বিভাগে পড়তে হয় তাঁকে। কিন্তু গণিত ও পদার্থবিজ্ঞান ভালো না লাগায় তিনি বুঝতে পারেন, প্রকৌশলী হলেও ভালো প্রকৌশলী হতে পারবেন না। বাণিজ্য বিভাগে পড়ার ইচ্ছা থাকলেও মডেল কলেজে তখন সেই সুযোগ ছিল না। পরে তিনি ঢাকা কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে উত্তীর্ণ হন।
সেই সময়ের সামাজিক বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, তখন বাবা-মায়ের চাওয়া থাকত ছেলে হয় ডাক্তার, নয়তো প্রকৌশলী হবে। ডাক্তার বা প্রকৌশলী হওয়া সম্ভব না হওয়ায় বাবার অনুপ্রেরণায় তিনি ব্যবসার পথ বেছে নেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের মেধাবীদের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত।

রাজনীতিক হিসেবে তাঁর কথা নানাভাবে রেকর্ড হচ্ছে এবং ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে জেনেও তিনি মন খুলে কথা বলেছেন বলে জানান মন্ত্রী। কারণ, তিনি কর্মকর্তাদের নিজের পরিবারের অংশ মনে করেন এবং তাঁদের সুনামের সঙ্গে তাঁর নিজের সুনামও জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *