দলমতের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বরুড়াকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহ্বান : কায়সার আলম সেলিম

 

মোঃ আনজার শাহ

কুমিল্লার বরুড়াকে শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। তিনি বলেন, বরুড়ার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা দলের দায়িত্ব নয়; এটি সমগ্র বরুড়াবাসীর সম্মিলিত দায়িত্ব। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের অর্জিত শিক্ষাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সম্প্রতি ঢাকায় আয়োজিত উত্তর বরুড়া সমিতির সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে কায়সার আলম সেলিম বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সর্বস্তরের মানুষ দলমত-নির্বিশেষে জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভায় স্থান দিয়ে বরুড়ার মানুষকে সম্মানিত করেছেন। বরুড়ার ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জাকারিয়া তাহের সুমন বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যা বরুড়ার জন্য গৌরব ও সম্ভাবনার নতুন অধ্যায়।

বরুড়ায় জনকল্যাণ সমিতি, বরুড়া ফাউন্ডেশন ও উত্তর বরুড়া সমিতিসহ প্রায় ২৮টি সামাজিক সংগঠন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব মঞ্চের অন্যতম শক্তি হলো, এখানে সব মত ও পেশার মানুষ একত্র হতে পারেন।

রাজনৈতিক সংগঠনের নানা সীমাবদ্ধতা থাকলেও সামাজিক সংগঠনের প্ল্যাটফর্মে তিনি একজন ‘বরুড়াবাসী’ হিসেবে সবার সঙ্গে কাজ করার আনন্দ পান।

শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব নিশ্চিতে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এ সময় তিনি বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক প্রধান ড. দেলোয়ার হোসেনের উদাহরণ টানেন। সেলিম জানান, রাজনৈতিক কারণে এলাকায় যেতে অস্বস্তিবোধ করছিলেন ওই শিক্ষক। মন্ত্রীর নির্দেশে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁকে এলাকায় ফিরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। তাঁর ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাবিদদের সান্নিধ্য থেকে বঞ্চিত না হয়।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পেছনে দেশের ১৮ কোটি মানুষের অবদান রয়েছে। ভবিষ্যতে প্রশাসন, বিচার, শিক্ষা, চিকিৎসা বা প্রকৌশল যে পেশাতেই তাঁরা যুক্ত হোন, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দিতে হবে।

বরুড়ার চলমান উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সেলিম জানান, মন্ত্রীর নির্দেশনায় তিনি সপ্তাহে অন্তত দুই দিন এলাকায় অবস্থান করে উন্নয়নকাজের খোঁজখবর রাখছেন। ইতোমধ্যে উপজেলার ২৯৮টির বেশি গ্রামীণ সড়ক পাকাকরণের জন্য তালিকাভুক্ত হয়েছে। জাতীয় পর্যায়ে গ্রামীণ সড়ক পাকা করার গড় হার প্রায় ৪২ শতাংশ হলেও বরুড়ায় তা প্রায় ৩১ শতাংশ; এই ব্যবধান কমাতে কাজ চলছে।

তিনি আরও জানান:
লালমাই–বরুড়া সড়ক ১৮ ফুট থেকে ২৪ ফুটে প্রশস্ত করার দরপত্র প্রক্রিয়া চলছে।
বরুড়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের অনুমোদন মিলেছে; আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় তরুণ-তরুণীরা কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের নতুন সুযোগ পাবেন।

ফেনুয়া থেকে সরাপতি, মগজি ও চিতড্ডা হয়ে দোলাই নবাবপুর পর্যন্ত ১৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তর বরুড়ার রামপুর থেকে মুদাফরগঞ্জ পর্যন্ত কার্জনখাল পুনঃখননের অনুমোদন পাওয়া গেছে। খনন করা মাটি দিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা–চাঁদপুর মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বরুড়া পৌরসভার যানজট নিরসন ও পরিকল্পিত সম্প্রসারণে একটি রিংরোড নির্মাণের উদ্যোগের কথা জানান তিনি। প্রস্তাবিত সড়কটি গোডাউন এলাকা, মৌলভীবাজারসংলগ্ন এলাকা, পাঠানপাড়া, থানা-খালপাড়, তালাগ্রাম, জলম–বরুড়া সড়ক ও পুরান কাদবা হয়ে আবার গোডাউন এলাকায় যুক্ত হবে। বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে, দক্ষিণ ও পশ্চিম বরুড়ার মানুষের যাতায়াত সহজ হবে এবং পৌর এলাকা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ ছাড়া উপজেলা পরিষদের সামনের পুকুর ও ঈদগাহসংলগ্ন কৃষ্ণসাগর এলাকায় সৌন্দর্যবর্ধনসহ হাঁটার পথ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এতে স্বাস্থ্যকর বিনোদন ও শরীরচর্চার পরিবেশ তৈরি হবে বলে তাঁর প্রত্যাশা।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
সামাজিক অবক্ষয়, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তারকে বড় উদ্বেগের বিষয় উল্লেখ করে সেলিম বলেন, তরুণ প্রজন্মকে অপরাধের অন্ধকার থেকে রক্ষা করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে এ ব্যাধি ভয়াবহ রূপ নিতে পারে।

বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে কায়সার আলম সেলিম বলেন, বরুড়াকে শিক্ষিত, উন্নত, মাদকমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর ঐক্য, শিক্ষাবিদদের সহযোগিতা এবং রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে বরুড়া উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *