স্পোর্টস ডেস্ক:
তরুণ ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে দলে নেওয়াকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের সঙ্গে আইনি বিরোধে জড়াতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। তবে ইউনাইটেডের সঙ্গে নিবন্ধিত থাকা অবস্থায় অন্য কোনো ইউরোপীয় ক্লাব তাকে দলে নিলে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইংলিশ ক্লাবটি।
গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ক্লাবের কার্যক্রম থেকে সরে যান গ্যাব্রিয়েল। এরপর থেকে তিনি আর অনুশীলনে যোগ দেননি। যদিও এখনো ইউনাইটেডের একাডেমিতে তার নিবন্ধন রয়েছে, যা চলতি মৌসুমের শেষ পর্যন্ত বহাল থাকার কথা।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারির দলবদলে গ্যাব্রিয়েলকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে দুই ক্লাবের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। তবে তরুণ এই ফুটবলারকে পাওয়ার দৌড়ে রিয়াল এগিয়ে রয়েছে বলে জানা গেছে। বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখও আগে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল।
গ্যাব্রিয়েলের ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকায় ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব থাকা তরুণ খেলোয়াড়দের সঙ্গে ইউরোপের ক্লাবগুলো পেশাদার চুক্তি করতে পারে। ইউনাইটেডের আশঙ্কা, এই সুযোগ কাজে লাগিয়ে রিয়াল তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে।
ক্লাব-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইউনাইটেডের সঙ্গে নিবন্ধন বহাল থাকা অবস্থায় অন্য কোনো ক্লাব গ্যাব্রিয়েলকে দলে নিলে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এ পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বিগ্ন নন গ্যাব্রিয়েল বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।