বিনোদন ডেস্ক:
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে বাংলাদেশের দুটি সিনেমা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। অন্যদিকে, ‘আদার ন্যারেটিভ’ বিভাগে বিশেষ সম্মাননা (স্পেশাল মেনশন) পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’।
গত ২২ অক্টোবর শুরু হওয়া উৎসবটি শেষ হয় ২ নভেম্বর। সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ও সম্মাননা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই সিনেমার নির্মাতাই। এ অর্জনের জন্য উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে ‘রইদ’ ও ‘দেলুপি’। বার্সেলোনার এই আয়োজনের মাধ্যমে সিনেমা দুটির অর্জনের তালিকায় যুক্ত হলো নতুন দুটি আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতিও আরও দৃশ্যমান হলো।
মিথ ও গ্রামবাংলার চিরায়ত উপাখ্যানের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘রইদ’। সিনেমাটির রহস্যময় গল্প ও নির্মাণশৈলী দর্শকদের আকৃষ্ট করেছে। প্রেক্ষাগৃহেও ছবিটি দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অন্যদিকে, খুলনার দেলুটি ইউনিয়নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’। ওই এলাকার একটি বন্যার ঘটনাকে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ অনেকে।