তিন শিশু হত্যায় চাঞ্চল্য, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করার অভিযোগ উঠেছে বাবা শরাফত আলীর বিরুদ্ধে। বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তিন শিশু ও তাদের বাবাকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যান। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মৃত তিন শিশু হলো—মেয়ে মাওয়া (১০) এবং দুই ছেলে তামিম (৭) ও শামিম (২)।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও তাদের বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিন শিশু মারা গেছে। পরে বাবা শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া বলেন, শরাফত আলীর স্ত্রী সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন শরাফত তিন সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে যান। বাড়ি ফেরার সময় তিনি বিরিয়ানি নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ওই বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর নিজেও বিষপান করেন। রনু মিয়ার দাবি, শরাফত জুয়া ও মাদকে আসক্ত ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আশপাশে খোঁজ নিয়ে জানা গেছে, শরাফত মিয়া জুয়া ও মাদকে আসক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *