তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে এনজিও কার্যক্রম আরও গতিশীল করতে হবে: নাঙ্গলকোটে চেয়ারম্যান বাদরু

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং আর্থসামাজিক অগ্রগতিতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ‘সুহৃদ’-এর নির্বাহী পরিচালক ও উপকারভোগীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একই সঙ্গে সংস্থাটির বাস্তবায়নাধীন কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করে সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র জানার সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের পরিদর্শন সহযোগী সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি ও বাস্তবভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রকল্পের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা পর্যবেক্ষণেরও সুযোগ তৈরি হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করা।

চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর এই মাঠপর্যায়ের সফর তৃণমূলের মানুষের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংযোগ আরও নিবিড় করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু যুবসমাজের কাছে পরিচিত মুখ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *