বিনোদন ডেস্ক:
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিষেক সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ ছবিটিকে অ্যাকশন ও বিনোদনে ভরপুর বলে প্রশংসা করছেন, আবার কেউ চিত্রনাট্য ও চরিত্রায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
‘সিগমা’ একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলারধর্মী সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে নানা মতামত প্রকাশ করছেন দর্শকেরা।
দর্শকদের একাংশের কাছে সিনেমাটি ‘ম্যাস এন্টারটেইনার’ বা পয়সা উসুল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁদের মতে, সন্দীপ কিষানের শক্তিশালী উপস্থিতি, বিরতির দৃশ্য এবং অ্যাকশন দর্শকদের আকৃষ্ট করেছে। পুরো সিনেমায় অ্যাকশন ও বিনোদনের সমন্বয় রয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
তবে ছবিটি নিয়ে সমালোচনাও রয়েছে। দর্শকদের একাংশের দাবি, চিত্রনাট্য ও চরিত্রায়ন আরও আকর্ষণীয় হতে পারত। তাঁদের মতে, ইন্টারভ্যাল ও কার্নিভালের দৃশ্য ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। নির্মাণ মোটামুটি হলেও জেসনের লেখা গতানুগতিক ও সেকেলে মনে হয়েছে বলে মন্তব্য করেছেন এক দর্শক। সামগ্রিকভাবে ছবিটিকে গড়পড়তার নিচে বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ।
এদিকে কমলা সিনেমাসে প্রথম দিনের প্রথম শো চলাকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেসনকে সমর্থন জানাতে তাঁর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বড় পর্দায় বাবা থালাপতি বিজয়ের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন জেসন।
এক অনুরাগী সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, রাজনৈতিক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকলেও বিজয়ের আশীর্বাদ যেন প্রেক্ষাগৃহজুড়ে ছড়িয়ে আছে।
লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত সিনেমাটি ইউ/এ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৃষ্ণন বসন্ত।