দীর্ঘ অপেক্ষার অবসান, জুলাইয়ে ঢাকার মঞ্চে ফিরছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক  ::

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’, যা গত বছর অনিবার্য কারণে স্থগিত হয়ে গিয়েছিল।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ জানিয়েছে, দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আবারও আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক কনসার্ট। গত বছরের অসমাপ্ত অধ্যায় পূর্ণতা দিতেই নতুন করে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সুযোগ পেলেই আয়োজনটি আবার ফিরিয়ে আনব। গত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “২৪ জুলাই আমরা শুধু একটি কনসার্ট আয়োজন করছি না; বরং দর্শকদের দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন করছি। গত বছরের অসম্পূর্ণ যাত্রাকে এবার পূর্ণতা দিতে চাই।”

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান নয়, বরং দর্শকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। বিশেষ করে যারা গত বছর টিকিট কিনেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারেননি, তাদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যেসব দর্শক টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড গ্রহণ করেননি, তাদের নতুন করে কোনো টিকিট কিনতে হবে না। তারা শুধু mainstage.show ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ‘Re-Apply’ প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে টিকিট পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারাও চাইলে তাদের রিফান্ড আবেদন প্রত্যাহার করে পুনরায় টিকিট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে সরবরাহ করা হবে।

আয়োজকরা আরও জানিয়েছেন, কনসার্টের ভেন্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ইতোমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘জিনে লাগা হুঁ’, ‘তাজদার-ই-হারাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক আতিফ আসলামের ঢাকায় আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পেতে মুখিয়ে আছেন হাজারো সংগীতপ্রেমী।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই ঢাকার মঞ্চে আবারও সুরের জাদু ছড়াবেন আতিফ আসলাম, আর দর্শকদের জন্য সেটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় সংগীত আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *