দুই বছর পর গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটিতে ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন।

কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে সেখান থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজায় দীর্ঘদিনের সংঘাত ও হামলায় অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *