দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনার সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে কূটনৈতিকপত্র দেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে জরুরি বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে দণ্ড কার্যকরের আগে কিংবা পরপরই এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। এ কারণে ঘটনার বিস্তারিত জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, এ ঘটনায় বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে মক্কার একটি মসজিদ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি জানতে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে আগাম কোনো তথ্য দেয়নি।

তিনি বলেন, কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার হলে বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে আটককারী দেশ সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই দুই বাংলাদেশির বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিক কূটনৈতিক তথ্য দেওয়া হয়নি। কেন মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক বা ব্যভিচারজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আইনি কাঠামোর আওতায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য না পাওয়ায় ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে বাংলাদেশ সরকার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *