খসরু মৃধা ::
গাজীপুরের পুবাইলে প্রবাসফেরত স্বামী কর্তৃক স্ত্রী হাসনা আক্তারকে (২০) গলা কেটে ও উপুর্যুপুরি ধারালো ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।
১৮ অক্টোবর দুপুর ১টার দিকে পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেট সংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এই হত্যার ঘটনা ঘটে।
ঘটনার পরই স্থানীয় জনতা ঘাতক স্বামী রফিকুল ইসলামকে (২৮) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্ধা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও ভিকটিম হাসনা আক্তারকে ৪ বছর আগে তাদের বিবাহ হয়। কিছুদিন পূর্বে রফিকুল বিদেশ থেকে দেশে ফেরেছেন বলে জানা গেছে । দেশে ফিরে গত ৪ বছরে পাঠানো টাকার হিসাব চাইলে স্ত্রী তা দিতে অস্বীকৃতি জানান । এ নিয়ে উভয়ের মধ্যে পারিবারিক মনোমালিন্য ও বিরোধের সৃষ্টি হয়।
এই জেরে রোববার দুপুরে রফিকুল শশুড়বাড়ির ভাড়া বাসা (গাছা থানার খাইলকুর) থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে আসেন। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরে উপুর্যুপুরি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।
হাসনার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘাতক স্বামীকে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করে।
এর পর খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক স্বামীকে হেফাজতে নেয়। মুমূর্ষু অবস্থায় ভিকটিম হাসনা আক্তারকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে তাকে মৃত্যু ঘোষণা করেন ।
ঘটনাটি রেললাইন সীমানার নিকটবর্তী হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পূবাইল থানা পুলিশ সংশ্লিষ্ট রেলওয়ে (জিআরপি) পুলিশের কাছে আসামী ও মৃতদেহ হস্তান্তর করেন।