দেশে থাকলে সাহসের জন্য সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

অনলাইন ডেস্ক:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তার সাহস ও সংযমের প্রশংসা করেছেন সাংবাদিক শহিদুল আলম। দেশে থাকলে সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরতেন বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহিদুল আলম এ মন্তব্য করেন।

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ তুলে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বলে জানানো হয়।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান এবং কারও তোষামোদি বা রাজনৈতিক আশ্রয় নেন না, তাদের জন্য এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, গত ১২ বছরে একটি ছোট্ট রুম থেকে তিনি বর্তমান অবস্থানে এসেছেন। স্টুডিও ভাঙচুরের পরও তিনি ভেঙে পড়েননি এবং ভবিষ্যতে আরও বড় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকর্মীদের উদ্দেশে সালমান বলেন, অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছেন। তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, তিনি এর চেয়ে বড় কিছু করবেন এবং তাদের চিন্তা না করতে বলেন।

সালমানের ওই ভিডিও বার্তার পর শহিদুল আলম নিজের ফেসবুক পেজে লেখেন, দেশে থাকলে তিনি সরাসরি ওই স্টুডিওতে যেতেন এবং সালমানকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতেন। একই সঙ্গে তাকে শক্ত থাকার কথাও বলেন তিনি।

শহিদুল আলম আরও বলেন, শুধু সাহসিকতার প্রশংসা করেই বিষয়টি শেষ করা উচিত নয়। তিনি ঘটনার বিচার এবং চাঁদাবাজির সংস্কৃতির অবসানের দাবি জানান। যারা এর বিরুদ্ধে দাঁড়ান, তাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *