বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ, শীর্ষে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে ঢাকার বায়ুমান স্কোর ১৬০। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ভারতের কলকাতা ১৫৬ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পিএম১০ ও পিএম২.৫ বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)সহ বিভিন্ন দূষণকারী উপাদান বিবেচনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।

বায়ুদূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি রয়েছে। সংস্থাটির হিসাবে, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

বায়ুর মানের এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য দূষিত বাতাস বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *