ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌরসভার বৈচন্ডী গ্রাম থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আবু সালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ মে) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে আটক করে। এ সময় তার বসতঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আবু সালাম ওই গ্রামের হারুন প্যাদার পুত্র।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, আটককৃত আবু সালাম স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।