কামরুল ইসলাম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের নেতা জিয়ার আদর্শের সৈনিক মোসলেম উদ্দিন এবং বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগ চলাকালে আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় সিক্ত হন গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়।
এ সময় নেতাকর্মীদের বক্তব্যে বলা হয়, আমরা তৃণমূল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, মানবতার অগ্রদূত বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক, মডেল বাংলাদেশ গড়ার কারিগর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি সালাম জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিনের পক্ষে জনগণের দ্বারে দ্বারে এসেছি।
নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর আগে মোস্তাক আহমদ চৌধুরী সংসদ নির্বাচন করার পর থেকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আর কোনো সন্তান জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই প্রথম আমিরাবাদ ইউনিয়নের গর্বিত সন্তান নাজমুল মোস্তফা আমিন এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তারা বলেন, অবহেলিত লোহাগাড়া ও সাতকানিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করতে হবে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লোহাগাড়া উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করি।