নারায়ণগঞ্জের তিন থানায় নতুন ওসি পদায়ন, দায়িত্ব গ্রহণ করবেন শিগগিরই

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী

এর আগে প্রশাসনিক কারণে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এতে তিনটি থানায় ওসি পদে শূন্যতা সৃষ্টি হলে দ্রুতই নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন পদায়ন অনুযায়ী, ফতুল্লা মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ডিবি (সদর জোন) ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ লাইনে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সংশ্লিষ্ট তিন কর্মকর্তা নিজ নিজ নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

জেলা পুলিশের এই পদায়নকে ঘিরে সংশ্লিষ্ট থানাগুলোতে নতুন কর্মপরিবেশ সৃষ্টি হবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *