নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মণ্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নোমান এবং ফতুল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হতে হবে। সরকারের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। তাই মাননীয় জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি আহ্বান জানাব, প্রতিটি পরিবার যেন নিজ ঘর থেকেই দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলে।”

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, “ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মহড়া শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক ও সামাজিক সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গঠনে পাশে থাকব।”

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জরুরি উদ্ধার কার্যক্রমের ওপর একটি বাস্তবধর্মী ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। মহড়াটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *