মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণকে কেন্দ্র করে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতির বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সব দপ্তরের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের কাজগুলোতে কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি গ্রহণযোগ্য নয়। জনগণের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পৃথকভাবে পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা নিজ নিজ বিভাগের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সভার সামনে তুলে ধরেন।
বিশেষভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শহরের যানজট নিরসনের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সকল দপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদান ও কার্যকর সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সভায় আরও বলা হয়, নারায়ণগঞ্জ জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রমে গতি বাড়াতে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দেন।