নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, নাগরিকদের বিভিন্ন সমস্যা সরাসরি শোনা এবং সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

শুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা দৈনন্দিন জীবনের নানা সমস্যা, অভিযোগ এবং প্রশাসনের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত নাগরিকদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সেবা প্রদান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।

জেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশী নাগরিকেরা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব আরও কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *