নারায়ণগঞ্জে ডিবি’র অভিযান: ১৯০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৯০০ পিস ইয়াবাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাস নেতৃত্বে একটি বিশেষ দল ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১২:৫০ ঘটিকায় রূপগঞ্জের ভায়েলা বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রথমে দুই জনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা- মৃত ঈমান আলী, গ্রামের ঠিকানা বরুণা, থানা-রূপগঞ্জ এবং মোঃ ওসমান (৪০), পিতা- মৃত জনাব আলী, গ্রামের ঠিকানা নিমেরটেক, থানা-রূপগঞ্জ। তাদের কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আসামি মোঃ দ্বীন ইসলাম (৫২) তাদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করাতে সাহায্য করত।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে মোঃ দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি নাওরা গ্রামের সফু মিয়ার ছেলে এবং রূপগঞ্জ থানার জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরীর পাশে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও মাদক ব্যবসা দমন ও নিয়ন্ত্রণে জোরদার অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা বলেন, “আমরা মাদক নির্মূলের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখব এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *