নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে তাকে পিঠে থাপ্পড় দেয়। তিনি পাল্টা দুষ্টুমি করে থাপ্পড় দিলে সাজিত বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সাজিতের পরিবারের সদস্যরা এসে ওসমান গনিকে মারধর শুরু করেন। এ সময় ছেলেকে রক্ষা করতে দুলাল এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা আহত দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *