মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কার্যক্রম ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ৮টায় জেলা পুলিশের মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যরা। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার সদস্য অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিট ইনচার্জগণ ও পুলিশ সদস্যরা সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
দুপুর ১২টায় অনুষ্ঠিত “অপরাধ পর্যালোচনা সভা”-এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১ কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ‘বডি অন ক্যামেরা’ দিয়ে সজ্জিত করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে বডি অন ক্যামেরার ভিডিওর মাধ্যমে পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
সভায় পুলিশের কৃতিত্বপূর্ণ কর্মীদেরও সম্মাননা প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে রূপগঞ্জ থানার জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানার নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে বন্দর থানার মোঃ মনির হোসাইন, ক্লু-লেস মামলা ডিটেকশন ক্ষেত্রে ফতুল্লা মডেল থানার ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার ওয়াসিম আকরাম, বিশেষ কৃতিত্বের জন্য আড়াইহাজার থানার মামুনুর রশিদ এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মোঃ সাইফুল ইসলামকে পুরষ্কৃত করা হয়।
উক্ত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।