মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-এ জেলা প্রশাসকের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি সেমাই কারখানাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির-এর নির্দেশক্রমে র্যাব, জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১-এর কর্মকর্তা আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।
অভিযানে দেখা যায়, শহীদ নগর এলাকায় ‘গ্রামীন’ নামে একটি সেমাই কারখানার পাশেই সিটি করপোরেশনের ময়লার ভাগাড়। টয়লেটের পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছিল। খামি তৈরিতে নিম্নমানের আটা-ময়দা এবং সেমাই ভাজতে দীর্ঘদিন ব্যবহৃত তেল ব্যবহার করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। এ অভিযোগে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়।
এছাড়া ‘আনন্দ’ সেমাই কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূতভাবে উৎপাদন ও ভাঙার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তারা বলছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলে বাজারে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।