ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসনে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া চলাচলকারী অটোরিকশার (মিশুক) বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাসিক কর্তৃপক্ষ।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ৬টি স্পটে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মঈনুল হক, কাজী ফরিদুল মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রাফিক পুলিশের পরিদর্শকসহ বিপুলসংখ্যক আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।
নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নাসিকের তিনটি অঞ্চলে অটোরিকশা চলাচলের জন্য কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হয়েছে। এসব নম্বর প্লেট ছাড়া যেসব অটোরিকশা চলাচল করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের ৬টি পয়েন্টে আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীসহ মোট ১৮০ জন কাজ করবে। তাদের সহযোগিতায় পুলিশের টিম রয়েছে।
অভিযানের বিষয়ে কয়েকজন নগরবাসী বলেন, নারায়ণগঞ্জ শহরে অবৈধ অটোরিকশার কারণে যানজট লেগেই থাকত। নাসিক যে অভিযান শুরু করেছে, তাতে শহরের যানজটের প্রকোপ কমে আসবে বলে তারা প্রত্যাশা করেন।