মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি চলছে। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবার উৎসবটি উদযাপন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “চাষাঢ়া বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করা হবে, যা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে বৈশাখী গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হবে।”
তিনি আরও জানান, শোভাযাত্রা শেষে বৈশাখী মেলা পরিদর্শনের ব্যবস্থা থাকবে, যেখানে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈশাখ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিজস্ব উদ্যোগে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। জেলা প্রশাসন এসব আয়োজনকে উৎসাহিত করবে এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চায় সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে পুরো নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সকল কর্মসূচি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করতে চাই। এজন্য সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।