নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ২৮টি পরিবারের অনুকূলে ১ কোটি ১৮ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সভাপতিত্বে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে, তাদের আর ফিরে পাওয়া যাবে না। সেই সঙ্গে এই টাকা দিয়েও তাদের সান্ত্বনা দেওয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্ধি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ, রাস্তায় চলাচলের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দেবেন।

এ বিষয়ে বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে ২৮টি পরিবারের মাঝে ১ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০টি পরিবারকে ৫ লাখ, ৫টি পরিবারকে ৩ লাখ এবং ৩টি পরিবারকে ১ লাখ টাকা করে চেক দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান এবং মোটরযান পরিদর্শক উসমান গনিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *