সওজের উচ্ছেদ অভিযানে ধামরাইয়ে সড়ক দখলমুক্ত

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (২৪ জুন) দুপুরে স্নোটেক্স সংলগ্ন এলাকা এবং আমিন মডেল টাউনের সামনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি। এ সময় সওজের মানিকগঞ্জ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে কাঁচাবাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছিল। জনস্বার্থে সড়কের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সড়কের জায়গা দখল করে স্থাপিত বিভিন্ন অস্থায়ী ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি বলেন, “জনস্বার্থে এবং সড়কের নিরাপদ ও নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা সড়ক দখলমুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। সড়ক দখলকারী স্থাপনা অপসারণের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *