মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর পার্শ্ববর্তী এলাকা একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ চূড়ান্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম। সভা সূত্রে জানা যায়, অধ্যাদেশটি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর শিগগিরই গেজেট আকারে প্রকাশিত হবে।
গেজেট প্রকাশের মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো লাভ করবে এবং নগর উন্নয়ন সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে। কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, আবাসন উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এই প্রক্রিয়ার মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখেছেন। তার আন্তরিক উদ্যোগ ও সদয় নির্দেশনার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব প্রেরণ করা হয়। প্রশাসক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও নগর উন্নয়নের দৃঢ় প্রত্যয়ের ফলে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
শিল্পনগরী নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ণের নেতিবাচক প্রভাব মোকাবিলা করে আসছে। জনসংখ্যার চাপ, অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, জলাবদ্ধতা, আবাসন সংকট এবং পরিবেশ দূষণ নগরবাসীর দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি নগরবাসী, নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উঠছিল। অবশেষে সেই দাবি বাস্তব রূপ পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে নগরের উন্নয়ন কার্যক্রম হবে আরও পরিকল্পিত ও সমন্বিত। ভবিষ্যৎ জনসংখ্যা ও নগর সম্প্রসারণের কথা বিবেচনায় রেখে একটি আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা সম্ভব হবে, যা নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য, বিনিয়োগবান্ধব ও পরিবেশসম্মত নগরে পরিণত করতে সহায়ক হবে।
নগরবাসী এই উদ্যোগকে নগরের দীর্ঘদিনের সমস্যার সমাধানের সম্ভাবনা হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকরভাবে কাজ করলে নগর এলাকায় নতুন অবকাঠামো, আধুনিক সড়ক ব্যবস্থা, পরিকল্পিত আবাসন প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
সব মিলিয়ে বলা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত উদ্যোগের ফলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নগর উন্নয়নের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। নগরবাসী এখন নতুন দিগন্তের প্রত্যাশায় উজ্জীবিত, যেখানে নারায়ণগঞ্জ একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে নতুন পরিচয় লাভ করবে।