মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত ঐতিহাসিক শহীদ জিয়া কমপ্লেক্স (সাবেক শহীদ জিয়া হল) পুনর্নির্মাণের লক্ষ্যে সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সয়েল টেস্ট কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম মহোদয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম বলেন, “শহীদ জিয়া হল নারায়ণগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য স্মারক। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঐতিহাসিক স্থাপনাটি অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আমরা নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এই হলটিকে আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তুলব। আজ সয়েল টেস্টের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত আধুনিক ‘শহীদ জিয়া কমপ্লেক্স’ নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের বিনোদন, সংস্কৃতি এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এর মূল নির্মাণকাজ শেষ করতে বদ্ধপরিকর।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “দীর্ঘ দুই দশক ধরে নারায়ণগঞ্জের মানুষ তাদের একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রের অভাব তীব্রভাবে অনুভব করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সিটি কর্পোরেশন জনগণের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শহীদ জিয়া কমপ্লেক্স শুধু একটি ভবন হবে না, এটি হবে নারায়ণগঞ্জের কৃষ্টি ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই প্রকল্পের কাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে যেন পুরো প্রকল্প শেষ হয়, সেদিকে আমাদের কড়া নজরদারি থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা। সয়েল টেস্টের কাজ উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।