নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কানাইনগর এলাকার ঐতিহ্যবাহী সোবাহানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের সুস্পষ্ট ধারণা প্রদান, ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে অবহিত করা এবং জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের অংশগ্রহণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটারদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।

প্রধান অতিথি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশের ন্যায় বক্তাবলী ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকায় একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের দিন প্রত্যেক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে দুটি ব্যালট পেপার গ্রহণ করবেন।

তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেন, প্রথম ব্যালট পেপারটি হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে অংশগ্রহণকারী প্রার্থীদের নাম ও তাদের প্রতীক সংযুক্ত থাকবে। ভোটাররা পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে তাঁদের ভোট প্রদান করবেন।

অপরদিকে দ্বিতীয় ব্যালট পেপারটি হবে গণভোটের জন্য, যা গোলাপি (পিঙ্ক) রঙের হবে। গণভোটের ব্যালটে স্পষ্টভাবে লেখা থাকবে—

**”আপনি কি জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদ নিবন্ধিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা?”**

এক্ষেত্রে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনে সিল প্রদান করে তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন।

ইয়াসির আরাফাত রুবেল তাঁর বক্তব্যে আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হবে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে ভোটারদের সঠিকভাবে ভোট প্রদান করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, এটি একটি নাগরিক দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব তারেক আজিজ, অফিস সহকারী নূর মোহাম্মদ এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন। এছাড়াও বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা সভায় অংশগ্রহণ করেন।

উদ্বুদ্ধকরণ সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত ভোটাররা নির্বাচন ও গণভোট বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন এবং উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *