নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় অবস্থিত নলখালী খালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ২.৫ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলখালী খালের অংশ দখল করে একটি পক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর-কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী বুধবার ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সরেজমিনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, খালের অভ্যন্তরে সরকারি প্রায় ২.৫ শতাংশ জায়গা দখল করে একটি পক্ষ দেয়াল নির্মাণ করেছে।

অভিযানের সময় সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত স্থানে লাল পতাকা টাঙানো হয়। পরে অবৈধভাবে নির্মিত দেয়ালটি অপসারণ করে খালের জায়গা পুনরুদ্ধার করা হয়। এ সময় ফতুল্লা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত খালটি যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি খাল ও জলাধার রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল দখলমুক্ত হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকায় জলাবদ্ধতার সমস্যাও কিছুটা কমবে বলে তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *