নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা রাজস্ব সার্কেল অফিসের পেছনে ময়লার স্তূপ, ডেঙ্গু ঝুঁকির আশঙ্কা

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস ও ফতুল্লা রাজস্ব সার্কেল অফিসের পেছনে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকার অভিযোগ উঠেছে। সরেজমিনে ওই এলাকায় এমন চিত্র দেখা গেছে। গুরুত্বপূর্ণ সরকারি ভূমি সেবা কার্যালয়ের আশপাশে এভাবে ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেবা নিতে আসা নাগরিকেরা।

বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি ভূমি অফিসের পেছনে ময়লার স্তূপ ও ডাবের খোসা পড়ে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের আশঙ্কা, ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে তা এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এতে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের বাসিন্দারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিতে পড়তে পারেন।

সেবা নিতে আসা নাগরিকদের ভাষ্য, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ভূমি অফিসগুলোতে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ আসেন। সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়ের আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ থাকলে সেবা নিতে আসা মানুষদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে ডেঙ্গুর মৌসুমে এমন পরিবেশ আরও বেশি সতর্কতার দাবি রাখে।

তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। এতে সরকারি ভূমি সেবা কার্যালয়ের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সেবা নিতে আসা মানুষ ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও কমানো সম্ভব হবে।

সরকারি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও জনস্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নাগরিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *