নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী রনির গণসংযোগে জনতার ঢল

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির গণসংযোগে জনতার ঢল নেমেছে। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এনায়েতনগর ইউনিয়নের শিবু মার্কেট এলাকা থেকে শুরু করে ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা রেললাইন পর্যন্ত টানা গণসংযোগ করেন তিনি। পুরো এলাকায় তার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়সী মানুষের ভিড় বাড়তে থাকে। পথচারী, দোকানি থেকে শুরু করে সাধারণ ভোটাররা তাকে ঘিরে সমর্থন জানায়। স্থানীয়দের অনেকে বলেন, “রনির মতো তরুণ, কর্মমুখী এবং এলাকায় নিয়মিত থাকা নেতা চাই আমাদের।”

মশিউর রহমান রনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এনায়েতনগর–ফতুল্লা সহ পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, স্কুল–কলেজের উন্নয়নসহ এলাকার সকল সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ-বন্দরের চেয়েও ফতুল্লায় উন্নয়ন হবে—এটা আপনাদের কথা দিচ্ছি।”

গণসংযোগে তিনি সাধারণ মানুষের মতামত শোনেন, তাদের সমস্যার তালিকা নেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। তবে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে কে পাচ্ছেন মনোনয়ন—এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মশিউর রহমান রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *