মোঃআনজার শাহ :-
সবার জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তোলার দৃপ্ত প্রত্যয় নিয়ে আগামীকাল রোববার (৪ অক্টোবর) রাজধানীতে পালিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালির। নগরায়ণের বিস্তৃত বাস্তবতা, আবাসন সংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।
রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাবে।
র্যালিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি; সচিব মোঃ ওবায়দুর রহমান এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেবেন।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বসতি দিবস। নগরায়ণের ক্রমবর্ধমান চাপের মধ্যে নিরাপদ আবাসন, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব বসতি এবং সবার জন্য মর্যাদাপূর্ণ বাসস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরাই এ দিবসের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে জনসংখ্যার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আবাসন, যোগাযোগ, নাগরিক সেবা ও পরিবেশ সুরক্ষার সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তাও বেড়ে চলেছে। এমন বাস্তবতায় টেকসই ও মানবিক নগর গড়ে তোলার বার্তা নিয়েই অনুষ্ঠিত হবে এবারের র্যালি।
র্যালির সচিত্র সংবাদ কাভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।