আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র ৩০ ডলারে (প্রায় ৩ হাজার ৬৮৫ টাকা) কেনা একটি পুরোনো ছবি নিলামে বিক্রি হয়েছে ১৩ কোটি টাকারও বেশি দামে। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি এস্টেট সেল থেকে ছবিটি কেনার পর এর আসল পরিচয় জানতে পারেন এক সংগ্রাহক।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রকর্মটির নাম ‘অ্যাল্ডারম্যান মেরিয়াম’স শেলস’। ১৯৫১ সালে শিকাগোর বিখ্যাত শিল্পী গার্ট্রুড অ্যাবারক্রোম্বি ছবিটি আঁকেন। সম্প্রতি নিউইয়র্কের ফ্রিম্যান’স নিলাম প্রতিষ্ঠানে এটি ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়।
ছবিটির ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯৫২ সালে মিশিগানের কালামাজুর চিকিৎসক ড. জন টি. রেনল্ডসকে চিকিৎসাসেবার বিনিময়ে ছবিটি দেওয়া হয়েছিল। পরে নিউইয়র্ক, শিকাগো, মিলওয়াকি ও ইভানস্টনে বিভিন্ন প্রদর্শনীতে ছবিটি প্রদর্শিত হলেও ১৯৫৩ সালের পর এটি আর জনসমক্ষে আসেনি।
৭০ বছরেরও বেশি সময় পর কালামাজুর একটি এস্টেট সেলে ভিনাইল রেকর্ড খুঁজতে যান এক সংগ্রাহক। সেখানে ছবিটি দেখে তার আগ্রহ তৈরি হয়। ছবিটি উল্টে পেছনে ‘অ্যাবারক্রোম্বি’ নামটি দেখতে পান তিনি। এরপর মাত্র ৩০ ডলারে ছবিটি কিনে নেন।
পরে জানা যায়, ছবিটি আসলে ড. রেনল্ডসের পরিবারের সংগ্রহেই ছিল। অর্থাৎ এত বছর ধরে একই পরিবারের কাছে থাকলেও এর প্রকৃত শিল্পমূল্য সম্পর্কে ব্যাপকভাবে জানা ছিল না।
ছবিটিতে অন্ধকার পটভূমির ওপর কয়েকটি সামুদ্রিক ঝিনুক দেখা যায়। শিল্প বিশেষজ্ঞদের মতে, এর অস্বাভাবিক আলো ও সুররিয়াল উপাদান অ্যাবারক্রোম্বির শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরে। ছবিতে থাকা ফাটা ঝিনুকের মোটিফকেও তাঁর পরবর্তী শিল্পকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের প্রাথমিক উদাহরণ হিসেবে ধরা হয়।
নিলামের আগে ছবিটি সংস্কার করা হয়। এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে। তবে শেষ পর্যন্ত ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে বিক্রি হয় চিত্রকর্মটি।
ফ্রিম্যান’স জানিয়েছে, গার্ট্রুড অ্যাবারক্রোম্বির কোনো শিল্পকর্ম নিলামে ১০ লাখ ডলারের সীমা ছাড়ানোর এটিই প্রথম ঘটনা। ফলে মাত্র ৩০ ডলারে কেনা পুরোনো ছবিটি শিল্পীর অন্যতম আলোচিত ও মূল্যবান বিক্রিতে পরিণত হয়েছে।