মোঃ আনজার শাহ
দেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বরুড়া উপজেলা ও পৌর বিএনপির এক সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। সভা শেষে বরুড়া বাজারে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল।
সেলিম বলেন, দেশের মানুষ অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে এবং অসংখ্য রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট গণতন্ত্রের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এর ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে এবং শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।
তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী যখন কোটি কোটি মানুষকে নিয়ে উন্নয়নের পথে এগোচ্ছেন, তখন প্রতিবেশী দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্র মোকাবিলার করণীয় ঠিক করতেই এই সভা ডাকা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে আছেন এবং সেখান থেকেই নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সেলিম বলেন, নির্বাচনের পর বিএনপি ঘোষণা দিয়েছিল, মাঠে-ময়দানে, ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে থাকা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তাঁদের সঙ্গে নিয়েই সমাজে চলার কথা বলা হয়েছিল। তবে কেউ এই সহনশীলতাকে দুর্বলতা মনে করলে তাঁদের হুঁশিয়ার করা হচ্ছে।
পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোকে তিনি দায়িত্ব দেন, দেশে বা বিদেশে বসে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে অপপ্রচারকারীদের ওপর নজর রাখতে। এ ধরনের প্রচারণার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিষিদ্ধ সংগঠনের পক্ষে কেউ মিছিল করতে চাইলে নেতাকর্মীদের তা প্রতিহত করতে বলেন তিনি। প্রবাসে বসে দেশের আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টাকারীদের পরিবারকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি।
সেলিম দাবি করেন, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক বড় অংশ দখল করে আছে। ভারতও শূন্য শুল্ক সুবিধার জন্য আবেদন করেছে এবং সুবিধা পেলে বাংলাদেশের বাজারে ভাগ বসাতে পারে। তাঁর অভিযোগ, তখন বাংলাদেশের বাজার দখলে নিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর নাটক সাজিয়ে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ইউরোপের ক্রেতাদের বার্তা দেওয়া হবে, বাংলাদেশে সময়মতো পণ্য পাওয়া যাবে না।
এ ষড়যন্ত্র রুখতে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠন প্রস্তুত আছে বলে জানান তিনি। সেই সঙ্গে গত ১৭ বছর ভারতকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বরুড়ার উন্নয়নে মন্ত্রীর পরিকল্পনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সেলিম। পরদিন উপজেলার চার-পাঁচটি স্থানে পৃথক সমাবেশ আয়োজনের নির্দেশ দেন তিনি। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নেতাকর্মীদের সক্রিয় থাকতে বলেন।
সভা শেষে বরুড়া বাজারে বিক্ষোভ মিছিল করার কথা জানান তিনি। তাঁর ভাষায়, গণতন্ত্র ধ্বংস ও জনগণের উন্নয়নধারা ব্যাহত করতে আওয়ামী অপশক্তি যে বিশৃঙ্খলার স্বপ্ন দেখছে, এই মিছিল তার বিরুদ্ধে প্রতিবাদ।